১. ভূমিকা ও প্রাথমিক মূল্যায়ন
দশম শতাব্দীর জ্ঞাননগরী আন্দালুসের (স্পেন) প্রেক্ষাপটে রচিত এই উপন্যাসের উপজীব্য হলো একটি রহস্যময় নীল পাণ্ডুলিপি। ক্ষমতালোভী উজিরের তৈরি করা এক ভয়ংকর বিষের ফর্মুলা, যা কর্ডোবা নগরী ও খলিফার বিশাল গ্রন্থাগারের সাড়ে চার লক্ষ বই নিমেষে ধ্বংস করতে পারে–তা ঠেকাতে একদল তরুণের রোমাঞ্চকর অভিযানের গল্প এটি।
লেখকের বর্ণনাভঙ্গি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তাঁর পূর্ববর্তী কাজ ‘হাদ্দাসানা’-এর তুলনায় এই উপন্যাসে বর্ণনার জাদুকরী ক্ষমতা আরও পরিণত হয়েছে। কিন্তু একটি সার্থক থ্রিলারের প্রাণভোমরা হলো তার নিখুঁত লজিক বা কার্যকারণ (Cause and Effect)। দুর্ভাগ্যবশত, চমৎকার বর্ণনাশৈলীর চাদর দিয়ে প্লটের ভয়াবহ দুর্বলতা, যুক্তির অসংলগ্নতা এবং আদর্শিক শূন্যতাকে ঢেকে রাখা সম্ভব হয়নি। আসুন, কিছু যৌক্তিক প্রশ্নের আলোকে বইটি ব্যবচ্ছেদ করা যাক।
বইয়ের নাম: আন্দালুসের নীল পাণ্ডুলিপি
লেখক: আব্দুল্লাহ ইয়াছিন শরীফী
প্রকাশনী: কারভান পাবলিকেশন
ধরন: ঐতিহাসিক থ্রিলার / ফিকশন
২. কাহিনির ধারাবাহিকতা ও লজিক
পঞ্চাশোর্ধ্ব একজন উজির, যাঁর নিজস্ব দুর্ধর্ষ গুপ্তঘাতক বাহিনী রয়েছে, তিনি কেন নিজে দশ ফুট উঁচু দেয়াল টপকে জায়েদকে ধাওয়া করবেন? এবং তিনতলার ছাদ থেকে ঝুলে মৃত্যুর মুখ থেকে ফেরার পরদিন সকালেই সম্পূর্ণ সুস্থ শরীরে জায়েদকে তলব করবেন–এটি কি রূপকথা নাকি ঐতিহাসিক থ্রিলার?
রাতে ধাওয়া করে সকালে জায়েদকে উজির জিজ্ঞেস করছেন, “তোমার উস্তায পাণ্ডুলিপি কী করেছে?” অথচ পাণ্ডুলিপি তখন জায়েদের জুব্বার নিচেই লুকানো! উজির জায়েদকে ছেড়ে দিলেন এই আশায় যে সে পাণ্ডুলিপির কাছে নিয়ে যাবে। কিন্তু একজন পরাক্রমশালী উজির সন্দেহভাজনকে হাতের মুঠোয় পেয়েও একবার তল্লাশি করলেন না?
জায়েদ উজিরের কাছ থেকে ফিরে ছদ্মবেশ ধারণ করে (জুব্বা খোলে)। আবার গন্তব্যে যাওয়ার পথে বলা হচ্ছে সে জুব্বা পরিহিত! রেশমি কাপড় পরে পচা তরমুজ বিক্রি করতে যাওয়ার দৃশ্যটি চরম অবাস্তব। একজন দক্ষ বিক্রেতা কি পচা-গলা, দুর্গন্ধযুক্ত মাছিময় তরমুজ নিয়ে বসে থাকে? সবচেয়ে হাস্যকর বিষয় হলো, রেশমি কাপড় পরা অবস্থায় জায়েদ তার জুব্বা দিয়ে নাক মুছছে–যা স্পষ্টতই প্লটের অগোছালো অবস্থার প্রমাণ।
উপন্যাসের প্রেক্ষাপট দশম শতাব্দীর কর্ডোবা। অথচ সেখানকার লাইব্রেরিতে একাদশ শতাব্দীর চিকিৎসাবিজ্ঞানী ইবনে সিনার বই খোঁজার বিষয়টি মারাত্মক Anachronism.
পানিতে মিশলে যদি তার ক্ষতিকর প্রভাব নষ্টই হয়ে যায়, তবে সেই বিষ নিষ্ক্রিয় করার জন্য আবার প্রতিষেধক মেশানোর প্রয়োজন পড়ল কেন? খলিফাকে বিষপ্রয়োগের পর তাৎক্ষণিক প্রতিষেধক কোত্থেকে এল, আর দীর্ঘদিনের বিষক্রিয়ায় ভোগা খলিফা হঠাৎ উঠে কথা বললেন কীভাবে? পারদের হ্রদে লাঠি ফেলে জাদুকরের মতো চোখ ঝলসানো কিংবা জাদুকরীভাবে ‘বিশ্বস্ত জেলে’র মাধ্যমে লাইব্রেরি পোড়ার খবর পাওয়া–এগুলো থ্রিলারের টানটান উত্তেজনাকে নস্যাৎ করে দেয়।
৩. চরিত্রায়ন ও ইসলাম
বইটি মূলধারার ফিকশন হলেও এর কেন্দ্রীয় চরিত্রগুলো মুসলিম এবং প্রেক্ষাপট ইসলামি ইতিহাসের সোনালি অধ্যায়। কিন্তু চরিত্রায়নের ক্ষেত্রে ইসলামি মূল্যবোধ চরমভাবে উপেক্ষিত হয়েছে।
বিকেলে প্রথম দেখা, স্রেফ নাম জানা। আর রাতেই সেই অচেনা ভিন্ন ধর্মাবলম্বী মারিয়া জায়েদকে ঘরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল! শুধু তাই নয়, সভ্যতা বাঁচানোর মিশনে তারা নির্দ্বিধায় এক গুহায় রাত কাটিয়েছে। একে অপরের হাতের ওপর হাত রাখা, ভয় পেয়ে খামচে ধরা কিংবা মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকার যে বর্ণনা দেওয়া হয়েছে, তা একজন মুসলিম জ্ঞানান্বেষী চরিত্রের সাথে তীব্রভাবে সাংঘর্ষিক।
জ্ঞান ও বিজ্ঞানের অপব্যবহার দেখে হতাশ জায়েদ মারিয়াকে বলছে, “মারিয়া! আল্লাহ কেন এমন জ্ঞান সৃষ্টি করলেন? যে জ্ঞান মানুষকে রক্ষা করার বদলে ধ্বংস করে, সেই জ্ঞান কী অভিশপ্ত নয়? কেন তিনি শয়তানকে এই বুদ্ধি দিলেন?” একজন তালিবে ইলমের মুখ দিয়ে আল্লাহর হিকমাহ নিয়ে এমন সংশয়মূলক অনুযোগ তার ইসলামি বোঝাপড়ার চরম দৈন্য প্রকাশ করে। খ্রিষ্টান মারিয়া উল্টো তাকে জ্ঞানের ভালো-মন্দ ব্যবহার বোঝাচ্ছে–এটি চরিত্রের আদর্শিক স্খলন।
গল্পের শেষভাগে কোনো আত্মিক জাগরণ, তাওহিদের উপলব্ধি বা বুদ্ধিবৃত্তিক পটভূমি ছাড়াই মারিয়া ও স্যামুয়েলকে তড়িঘড়ি করে মুসলিম বানানো হয়েছে। মজার বিষয় হলো, মুসলিম হওয়ার আগে যারা এক গুহায় রাত কাটিয়েছে, মুসলিম হওয়ার পর জায়েদ বিয়ের প্রস্তাব দিলে মারিয়া বলে, “দেশের জন্য কাজ করতে গেলে বিয়ে করা যায় না!” এই খোঁড়া যুক্তি তাদের চরিত্রের নৈতিক দ্বিমুখিতাকেই প্রকট করে তোলে।
গল্পের পরতে পরতে কলম ও তরবারির মাঝে একটি কৃত্রিম সাংঘর্ষিক রূপ দাঁড় করানো হয়েছে। লেখক হয়তো সম্প্রীতির দৃষ্টান্ত দিতে চেয়েছেন, কিন্তু ইসলামে কলম এবং তরবারি একে অপরের পরিপূরক।
৪. ভাষা, শব্দচয়ন ও বাক্যগঠন
লেখকের ভাষার গাঁথুনি সুন্দর হলেও, কিছু জায়গায় ভুল শব্দচয়ন ও বাক্যগঠন পাঠের গাম্ভীর্য নষ্ট করেছে। সুন্দর দৃশ্য বোঝাতে “বাইরের দৃশ্যটি শ্বাসরুদ্ধকর” ব্যবহার করা হয়েছে। পবিত্রতা বোঝাতে “ভারাক্রান্ত রকমের পবিত্র” বলা হয়েছে, অথচ পবিত্রতা মানুষকে ভারমুক্ত করে। বিষ নষ্ট হওয়া বোঝাতে বলা হয়েছে “নিরপেক্ষ হয়ে যায়”, যা Neutralize-এর আক্ষরিক ও বেমানান অনুবাদ। খ্রিষ্টানদের ক্ষেত্রে “খ্রিস্টান বা মোজারাব” বলা হয়েছে। এখানে ‘বা’ (অথবা) না হয়ে ‘অর্থাৎ’ বা ‘যাদের মোজারাব বলা হতো’ হওয়া উচিত ছিল।
দশম শতাব্দীর লাইব্রেরিতে একাদশ শতাব্দীর বিখ্যাত চিকিৎসাবিজ্ঞানী ইবনে সিনার বই খুঁজে পাওয়ার বিষয়টি গবেষণার মারাত্মক অভাব নির্দেশ করে।
বইয়ের আগুন নেভাতে গিয়ে “সে হাতে থুথু দিয়ে আগুন নেভাতে নেভাতে বইটিকে বুকে চেপে ধরল।”–আদতে কি কেউ এভাবে থুথু দিয়ে আগুন নেভায়? এটি অত্যন্ত দৃষ্টিকটু ও রুচিহীন একটি বর্ণনা।
“উজিরের চন্দন কাঠের সুগন্ধি কামরার পর উস্তাযের … হাতটিকেই তার বেশ পছন্দ।” চন্দন কোত্থেকে এল, আর হাতের সাথে কামরার তুলনা কীভাবে মেলে? “এমন সব দুর্লভ পাণ্ডুলিপি আছে, যা মূল দেশ থেকেও হারিয়ে গেছে।” (এরপর কী হয়েছে, তা উহ্য)।
হঠাৎ করে অপ্রাসঙ্গিকভাবে “ইন্নামাল আমালু বিন নিয়্যাত” হাদিসের ব্যবহার এবং খলিফার একান্ত সচিব হিসেবে একজন নারী (লুবনা)-কে উপস্থাপন করা ঐতিহাসিক ও যৌক্তিকভাবে প্রশ্নবিদ্ধ।
৫. তুলনামূলক বিশ্লেষণ
লেখকের পূর্ববর্তী কাজ এর তুলনায় এই বইটির বর্ণনাশৈলী ও ভাষার উৎকর্ষ বৃদ্ধি পেয়েছে। তবে নসীম হিজাযী কিংবা আসাদ বিন হাফিজের মতো ক্লাসিক ঐতিহাসিক ঔপন্যাসিকদের কাজের সাথে তুলনা করলে, এই বইটিতে ইতিহাসের গভীর পাঠ এবং মুসলিম চরিত্রের সূক্ষ্ম উপস্থাপনের ঘাটতি সুস্পষ্ট। এটি ঐতিহাসিক উপন্যাসের চেয়ে একটি আধুনিক ‘অ্যাডভেঞ্চার ফিকশন’-এর ছাঁচে বেশি খাপ খায়।
৬. ইতিবাচক দিক
কর্ডোবা নগরীর ভৌগোলিক ও পরিবেশগত চমৎকার চিত্রায়ন।
বই, লাইব্রেরি এবং জ্ঞানচর্চার প্রতি ইতিবাচক বার্তা প্রদান।
কাহিনির গতিশীলতা, যা সাধারণ পাঠককে শেষ পর্যন্ত ধরে রাখতে সক্ষম।
লেখকের আগের বইগুলোর তুলনায় ভাষাগত উন্নতি।
৭. সীমাবদ্ধতা ও সমালোচনা
সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো যুক্তির অভাব এবং প্লটের দুর্বলতা। একটি থ্রিলার উপন্যাসে Cause and Effect স্পষ্ট থাকতে হয়। চরিত্রগুলোর আচরণের পেছনে যৌক্তিক কারণের অভাব প্রকট। এছাড়া, ঐতিহাসিক মুসলিম চরিত্রায়নের ক্ষেত্রে শরিয়াহর সীমানা লঙ্ঘন এবং আকিদাগত দুর্বল প্রশ্ন উত্থাপন করা–বইটিকে একজন ধর্মপ্রাণ পাঠকের কাছে সমালোচিত করতে পারে। ঐতিহাসিক উপন্যাসে Anachronism ক্ষমার অযোগ্য অপরাধ, যা ইবনে সিনা বা বুট-অ্যাপ্রোনের বর্ণনায় ফুটে উঠেছে।
৮. কারা পড়বেন এবং উপসংহার
যারা খুব বেশি লজিক, কার্যকারণ বা ঐতিহাসিক তথ্যের চুলচেরা বিশ্লেষণ না করে একটি গতিশীল থ্রিলার পড়তে চান, তাদের জন্য বইটি উপভোগ্য হতে পারে।
তবে, যারা নিখুঁত ঐতিহাসিক ফিকশন খুঁজছেন, বুদ্ধিবৃত্তিক গভীরতা চান, কিংবা যারা আশা করেন মুসলিম ইতিহাসভিত্তিক উপন্যাসে শরিয়াহ ও আকিদার মানদণ্ড রক্ষিত হোক–তাদের জন্য এই বইটি হতাশার।
উপসংহার: ‘আন্দালুসের নীল পাণ্ডুলিপি’ এক চমৎকার ক্যানভাসে আঁকা অপরিপক্ব ছবি। আব্দুল্লাহ ইয়াছিন শরীফীর কলমে জাদুকরী বর্ণনা দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু একটি কালজয়ী উপন্যাসের মেরুদণ্ড হলো তার লজিক। যুক্তির ভয়াবহ অভাব, গবেষণার ঘাটতি, চরিত্রগুলোর স্ববিরোধী আচরণ এবং আকিদাগত-শরিয়াহগত অসঙ্গতি বইটিকে একটি নিখুঁত সাহিত্য হয়ে ওঠার পথ থেকে ছিটকে দিয়েছে। লেখক যদি ভবিষ্যতে তার অসাধারণ কল্পনাশক্তির সাথে গভীরতর ঐতিহাসিক গবেষণা এবং যুক্তির কঠোর সমন্বয় ঘটাতে পারেন, তবে তার কলম থেকে পাঠক আরও শক্তিশালী সাহিত্য উপহার পাবে।