সর্বশেষ
নতুন: এইচএসসি ২০২৫ ব্যাচের শর্ট সিলেবাস ও সাজেশন প্রকাশিত হয়েছে | পবিত্র কুরআনের তাফসির যুক্ত হয়েছে এখানে দেখুন
নতুন: এইচএসসি ২০২৫ ব্যাচের শর্ট সিলেবাস ও সাজেশন প্রকাশিত হয়েছে | পবিত্র কুরআনের তাফসির যুক্ত হয়েছে এখানে দেখুন

শিখুন স্মার্ট, পড়ুন সহজে

আর রাহীকুল মাখতূম রিভিউ: নবিজীবনের মহাকাব্যিক চিত্রায়ণ

12:22 pm

December 6, 2025

36

Table of Contents

আর রাহীকুল মাখতূম
এখনই রকমারিতে!

রাসূলের (সাঃ) জীবনেই আমাদের অন্বেষণ ও মুক্তি

আমরা যারা মুসলিম, প্রিয় ব্যক্তিত্ব কে? এমন প্রশ্নের জবাবে দ্বিধাহীনচিত্তে বলি, ‘হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের জীবনের এই প্রিয় মানুষটির পুঙ্খানুপুঙ্খ জীবন-চরিত সম্পর্কে আমরা কতটুকুই বা জানি? তাঁর পবিত্র জীবনের নিখুঁত প্রতিচ্ছবি যদি আমাদের মনন বা ব্যক্তিত্বে না থাকে, তবে তাঁর সত্যিকারের অনুসারী হওয়ার দাবি কতটা যথার্থ? বিশেষ করে, বর্তমান সময়ে যখন সমাজে নৈতিক স্খলন, পরিবারে অনাচার, এবং নাস্তিক্যবাদী সংশয় ক্রমাগত বেড়ে চলেছে, তখন রাসূল (সাঃ)-এর আদর্শের অনুসরণই আমাদের একমাত্র আলোকবর্তিকা

পবিত্র কুরআনের নির্দেশ:

‘বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমাকে অনুসরণ করো, যাতে আল্লাহ তোমাদের ভালোবাসেন এবং তোমাদের পাপ মার্জনা করে দেন। আল্লাহ হলেন পরম ক্ষমাশীল ও দয়ালু।’ (সূরা আল ইমরান: ৩১)

দুনিয়া ও আখিরাতের সুখ-শান্তি ও সফলতা অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করা। আমাদের জীবন, সমাজ, অর্থনীতি, রাজনীতি সবকিছু যখন তাঁর সুন্নাত তরিকায় প্রতিষ্ঠিত হবে, তখনই কেবল আমরা ধর্ষণ, লুটতরাজ, ইভটিজিং ও মাদকের মতো নিকৃষ্ট ব্যাধি থেকে মুক্তি পাবো। আর সেই সুন্নাতকে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হলে, চাই একটি নির্ভরযোগ্য, তথ্যসমৃদ্ধ এবং হৃদয়গ্রাহী সিরাত গ্রন্থ। ঠিক এই অভাবটিই পূরণ করেছে আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহঃ) রচিত ‘আর রাহীকুল মাখতূম’। আমার কাছে এই গ্রন্থটি কেবল একটি বই নয়, বরং জ্ঞানের আরও গভীরে প্রবেশের এক তীব্র আকাঙ্ক্ষার জন্মদাতা এবং রাসূলপ্রেমের এক স্নিগ্ধ অনুরণন।

কেন এই সিরাত গ্রন্থটি এত গুরুত্বপূর্ণ?

অন্ধকার যুগ থেকে আলোর পথে যাত্রার চিত্র

আরব উপদ্বীপ বা জাজিরাতুল আরব, ভৌগোলিক গুরুত্ব থাকা সত্ত্বেও, ছিল তখন আইয়ামে জাহেলিয়া বা ‘অন্ধকার যুগ’-এর চরমতম কলঙ্কজনক অধ্যায়। হযরত ঈসা আলাইহিস সালামের পর কয়েকশো বছর নবীহীন জামানায় আরবের বর্বরতা ছিল সীমাহীন। নৈতিকতা ছিল তলানিতে। ইতিহাসের পাতায় এই যুগ বর্বরতার প্রতীক হিসেবে চিহ্নিত। তাদের পাপাচারে নিমজ্জিত থাকার কয়েকটি দিক:
  • কন্যা শিশু হত্যা ছিল স্বাভাবিক ঘটনা।
  • গোত্রে গোত্রে যুদ্ধ ছিল নিত্যদিনের রুটিন।
  • হত্যার বিনিময়ে হত্যা, রক্তের বিনিময়ে রক্ত; এমন নিকৃষ্ট প্রথা প্রচলিত ছিল।
এমন এক বর্বর, অসভ্য ও তৃনশয্যবিহীন প্রেক্ষাপটে আগমন করেন সমগ্র বিশ্বের মানবতার অগ্রদূত, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল, খাতামুন নাবিয়্যিন হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁর নবুয়াতি সূর্যের উদয়ের ঠিক পূর্বে পৃথিবীর বিভিন্ন জায়গায় যে সব অলৌকিক ঘটনা (যা ইতিহাসে “ইরহাসাত” বা অপেক্ষমান নিদর্শন নামে পরিচিত) ঘটতে শুরু করেছিল, লেখক তারও নাতিদীর্ঘ বিবরণ দিয়েছেন। এটি পাঠককে এই মহামানবের আগমনের গুরুত্ব মর্মে মর্মে উপলব্ধি করতে সাহায্য করে।

এক কালজয়ী সৃষ্টির জন্মকথা ও বিশ্বজনীন স্বীকৃতি

‘আর রাহীকুল মাখতূম’-এর নির্ভরযোগ্যতা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এর জন্মকাহিনীই এর যোগ্যতার স্বাক্ষর বহন করে। রাবেতা আলমের ইসলামি সংগঠনের উদ্যোগে আয়োজিত বিশ্বব্যাপী সিরাত প্রতিযোগিতায় এটি ১১৮২টি পাণ্ডুলিপির মধ্যে সম্মানের সাথে প্রথম স্থান অর্জন করে। এই প্রতিযোগিতাটি কেবল সংখ্যায় বিশাল ছিল না, বরং এর শর্তাবলী ছিল অত্যন্ত কঠিন, যার মাধ্যমে সিরাত রচনার ক্ষেত্রে তথ্যসূত্র ও বিশুদ্ধতার সর্বোচ্চ মান নিশ্চিত করা হয়েছিল। লেখক, আল্লামা সফিউর রহমান মোবারকপুরী (রহঃ), যিনি একজন ইসলামি চিন্তাবিদ, গবেষক, মনীষী এবং আলেমেদীন, তাঁর গভীর পাণ্ডিত্য ও অসাধারণ পরিশ্রম বিনিয়োগ করে এই কালজয়ী গ্রন্থটি রচনা করেছেন। আলহামদুলিল্লাহ, মাইকেল এইচ হার্টের মতো অমুসলিম ইতিহাসবিদও যখন তাঁর “১০০ মনীষীর জীবনী” গ্রন্থে মহানবী (সাঃ)-কে সবার শীর্ষে স্থান দেন, তখন এই গ্রন্থের তাথ্যিক গুরুত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। বস্তুত, এটি শুধু একটি সিরাত গ্রন্থ নয়, এটি আন্তর্জাতিক মানদণ্ডে বিচারকৃত ও স্বীকৃত একটি কালজয়ী সৃষ্টি যা একাধিক নির্ভরযোগ্য সূত্র ও পাণ্ডিত্যপূর্ণ নিরীক্ষণের ফসল।

নবিজীবনের নিখুঁত ও মর্মস্পর্শী চিত্রায়ণ

বইটির সবচেয়ে বড় শক্তি হলো এর বিশুদ্ধ তথ্যসমৃদ্ধতা এবং সাবলীল বর্ণনাশৈলী। লেখক মুহাম্মাদ (সাঃ)-এর ৬৩ বছরের জীবনকে কুরআনের আয়াত ও নির্ভরযোগ্য হাদিসের আলোকে পুঙ্খানুপুঙ্খরূপে তুলে ধরেছেন।

  • প্রথমাংশ (জন্ম থেকে নবুয়ত): বংশপরিচয়, শৈশব, যৌবনকাল এবং সততা ও সত্যবাদিতার জন্য প্রতিবেশীর নিকট থেকে পাওয়া ‘আল-আমিন’ উপাধি লাভ, যা সমগ্র মুসলিম উম্মাহর জন্য অনুপ্রেরণা ও আদর্শ। পাঠক শিশুকালে বাবা-মা হারানো মুহাম্মাদ (সাঃ)-এর কষ্ট ও অস্বচ্ছলতার মধ্যে জীবন অতিবাহিত করার চিত্র দেখে দুঃখভারাক্রান্ত হবেন। এখানে লেখক দেখিয়েছেন, কিভাবে আল্লাহ স্বয়ং কুরআনে রাসূল (সাঃ)-এর চরিত্রের নিশ্চয়তা দিয়েছেন: “আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী।” (সূরা ক্বলম: ০৪)
  • মধ্যভাগ (মক্কা ও মদিনা): নবুয়ত লাভ, গোপনে ও প্রকাশ্যে ইসলাম প্রচারের বিভিন্ন পর্যায়। মক্কার তেরো বছরের সেই কঠিন সময়ে আম্মার (রাঃ)-এর পরিবার, বিলাল (রাঃ)-এর মতো সাহাবিদের উপর পৌত্তলিকদের সীমাহীন জুলুম-নিপীড়ন, এবং তার বিপরীতে নবী (সাঃ)-এর বজ্রকঠিন দৃঢ়তাঅবিচল ধৈর্য পাঠকের হৃদয়ে গভীর রেখাপাত করে। এরপর হিজরতের মাধ্যমে মদিনায় নতুন সমাজব্যবস্থার রূপায়ন, মদিনা সনদ (যা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান হিসেবে বহুত্ববাদ ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত) এবং আনসার ও মুহাজিরদের মধ্যে মায়াবী ভ্রাতৃত্ব বন্ধন স্থাপনের প্রক্রিয়া বর্ণিত হয়েছে।
আর রাহিকুল মাখতূম
আর রাহিকুল মাখতূম
  • শেষাংশ (সংগ্রাম ও বিজয়): বদর, উহুদ ও খন্দকসহ গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহের জ্বলন্ত ইতিহাস। বিশেষ করে, হোদায়বিয়ার সন্ধি-কে লেখক রাজনৈতিক বিচক্ষণতার এক শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে তুলে ধরেছেন, যা বাহ্যত পরাজয় মনে হলেও ভবিষ্যতে ইসলামের বিজয়ের পথ প্রশস্ত করেছিল। মক্কা বিজয়-এর দৃশ্যগুলো বর্ণনা করার সময় লেখকের লেখনী শান্ত ও মহিমান্বিত থাকে; যেখানে দিগ্বিজয়ী সামরিক শক্তির বদলে আল্লাহর সাহায্যে ইসলামের বিজয় অর্জিত হয় এবং রাসূল (সাঃ) ক্ষমা ও দয়ার এক অভূতপূর্ব নজির স্থাপন করেন। এরপর আরাফাতের ঐতিহাসিক বিদায় হজের ভাষণ এবং তাঁর জীবনের অন্তিম মুহূর্তের হৃদয়বিদারক বর্ণনা পাঠককে অশ্রুসজল করে তোলে।

লেখক প্রতিটি ঘটনা বর্ণনার পাশাপাশি বিশ্লেষণ দক্ষতা দেখিয়েছেন। বিশেষ করে, উহুদ যুদ্ধের ফলাফলকে অনেকে পরাজয় হিসেবে দেখলেও, লেখক বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে এটি যে একটি অমীমাংসিত যুদ্ধ ছিল এবং কুরাইশরা জয়ী হওয়ার কোনো নিদর্শন (যেমন: শত্রু শিবির দখল বা গনিমত লাভ) অর্জন করতে পারেনি, তা যুক্তি সহকারে প্রতিষ্ঠিত করেছেন।

কার জন্য এই বইটি পড়া জরুরি?

আমার দৃঢ় বিশ্বাস, এই বইটি কাদের জন্য; তা নির্দিষ্ট গণ্ডিতে ফেলা অসম্ভব। এটি সকল শ্রেণীর পাঠকের জন্য ‘মাস্ট-রিড’। এই গ্রন্থটি এমন এক আলোকবর্তিকা যা সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন।

  • মুসলিম উম্মাহ: যারা রাসূল (সাঃ)-কে শুধুমাত্র একজন পয়গম্বর হিসেবে নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শ শিক্ষক, আদর্শ স্বামী, আদর্শ পিতা, আদর্শ শাসক ও আদর্শ রাষ্ট্রপ্রধান হিসেবে জানতে চান। এটি তাঁদের বিশ্বাসকে আরও শাণিত করবে এবং ইসলামকে আরও সুন্দর ও যৌক্তিকভাবে উপস্থাপন করার মূল্যবান জ্ঞান অর্জন করতে সাহায্য করবে।
  • সংশয়বাদী ও সত্যের অনুসন্ধিৎসু: যারা নাস্তিক বা সংশয়বাদীদের বহু অযৌক্তিক ও ভিত্তিহীন প্রশ্নের সুনিশ্চিত উত্তর খুঁজছেন, তাদের জন্য এই বইটি এক শ্রেষ্ঠ পথপ্রদর্শক। বইটি ইসলামের বিজয়কে কেবল আবেগ বা বিশ্বাসের উপর ভিত্তি করে নয়, বরং ঐতিহাসিক ঘটনা ও তথ্যপ্রমাণের মাধ্যমে প্রতিষ্ঠিত করে, যা চিন্তার জগতে এক নতুন দিক উন্মোচন করে।

  • অন্য ধর্মালম্বী ও সাধারণ পাঠক: যারা নিজেদের ধর্ম সম্পর্কে পুরোপুরি জানেন না বা বিভিন্ন ধর্মের গোলকধাঁধায় দিশাহারা, তারা এই গ্রন্থের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ মানবের জীবনদর্শন জানতে পারবেন। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যেন এক বৃহৎ শিক্ষায়তন, যার দ্যুতিময় ব্যক্তিত্ব ও নেতৃত্ব, জ্ঞান ও প্রজ্ঞা, দূরদর্শিতা ও বিচক্ষণতাকে উপলব্ধি করতে হলে এই বইটি অবশ্যপাঠ্য। ছন্নছাড়া, গন্তব্যহীন জীবনে গতি ও জ্ঞানের গভীর উৎস পেতেও এটি দারুণ সহায়ক।

ব্যক্তিগত উপলব্ধি ও প্রকাশনা নিয়ে কথা

সিরাতের কোনো বই পড়া শুরু করতে চাইলে, নিঃশঙ্কচিত্তে ‘আর-রাহীকুল মাখতূম’ দিয়ে শুরু করা যেতে পারে। আমি লেখকের অন্যান্য কাজ না পড়লেও, এই গ্রন্থটির জ্ঞান-নির্যাস সম্পূর্ণরূপে আত্মস্থ করে নিয়েছি। এর ফলস্বরূপ, আমার মনে এখন তাঁর অন্যান্য লেখা পড়ার এক প্রবল আগ্রহ-ইচ্ছা জাগ্রত হয়েছে; যা কেবল বই পড়ার ইচ্ছা নয়, বরং জ্ঞানের আরও গভীরে প্রবেশের এক তীব্র আকাঙ্ক্ষা।

নবিজীবনের সাঁজবেলার অংশটুকু হৃদয়ের কোণে গভীর অনুরণন তোলে; অদ্ভুত ঘোরলাগা, ব্যথাতুর ও বিয়োগান্ত হয়ে ওঠে সমাপ্তির পাতাগুলো। এই গ্রন্থটি একইসঙ্গে ইসলামিক, উপন্যাসিক ও নাটকীয় গুণাবলী সমৃদ্ধ। এর পাঠ শেষে আপনার মনে হবে, ‘আবার পড়তে চাই!’ এই অনুভূতি লেখকের বর্ণনাশৈলীর সার্থকতার প্রমাণ।

বাজারে এই বইটির অসংখ্য অনুবাদ রয়েছে, যা সাধারণ পাঠকের জন্য দ্বিধার সৃষ্টি করে। তবে, সমকালীন প্রকাশন থেকে প্রকাশিত সংস্করণটি আমাকে বিশেষভাবে মুগ্ধ করেছে এবং এর মান নিয়ে আমি শতভাগ সন্তুষ্ট।

  • অনুবাদ ও সম্পাদনা: আবুল হাসানাত কাসিম, আল-আমিন ফেরদৌসসহ প্রায় ১৫-২০ জনের একটি সুদক্ষ টিম এই বইয়ের অনুবাদ ও সম্পাদনার পেছনে শ্রম দিয়েছেন। শব্দের বাহুল্য বর্জন করে ছোট ছোট শব্দে বাক্যবিন্যাস করা হয়েছে, যা গুরুচণ্ডালী ও বাহুল্যদোষ মুক্ত। কুরআনের আয়াতগুলোর সহজ ও সাবলীল অনুবাদ এবং কাব্যিক দ্যোতনায় কবিতাগুলোর বঙ্গানুবাদ এককথায় টপনচ। বিভিন্ন প্রসঙ্গে উল্লিখিত দুর্বল হাদিসগুলোর মান চিহ্নিত করে দেওয়া হয়েছে।
  • উৎকৃষ্ট বিন্যাস: রঙ, মোটা কাভার, উন্নত মানের কাগজ এবং সামঞ্জস্যপূর্ণ ফন্ট সাইজ বইটিকে নান্দনিকতা দিয়েছে। প্রকাশনীটি তাদের নিজস্ব কাস্টমাইজ করা ফন্ট ব্যবহার করেছে, যার ফলে লেখাগুলো অত্যন্ত স্পষ্ট ও ভালো করে ফুটে উঠেছে। ত্রুটিমুক্ত রাখতে আলেমদের নিরীক্ষণে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।

এককথায়, যারা সহজ ভাষা, হৃদয়গ্রাহী মাধুর্য এবং উচ্চমানের প্রোডাকশন কোয়ালিটি চান, তাদের জন্য সমকালীনের সংস্করণটি সেরা চয়েস হতে পারে। এটি পড়তে গিয়ে পাঠককে কোথাও থেমে যেতে হবে না, অক্লেশে পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়া যাবে।

সারকথা ও উপহারের আদর্শ

‘আর রাহীকুল মাখতূম’ এমন এক স্মারক গ্রন্থ যা সব শ্রেণীর পাঠককে নিশ্চিতরূপে উপকৃত, উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। বেদনামথিত ঘটনাগুলো পড়লে, বুকের ভেতরে উথলে ওঠা কষ্ট নিমিষেই দূর হয়ে যায়। বিজয়ের ঘটনায় আছে মন ভালো করার মতো সঞ্জীবনী শক্তি। এটি কেবল একটি সিরাত গ্রন্থ নয়, এটি নবিপ্রেমের এমন এক মুগ্ধকর অমৃত স্বাদ, যা পাঠকের হৃদয়ে প্রিয়তম রাসূলের প্রতি স্নিগ্ধ অনুরক্তির ঝরঝর নির্ঝরণী বইয়ে দেয়।

ছন্নছাড়া জীবনটাকে নতুন করে গড়ে তুলতে এবং দ্বীন ইসলামের বিশুদ্ধ চিন্তাধারা হৃদয়ে গেঁথে নিতে, ‘আর রাহীকুল মাখতূম’-এর বিকল্প নেই। বিশ্বব্যাপী সাড়া জাগানো সিরাতের এই গ্রন্থটি আপনার ব্যক্তিগত সংগ্রহে রাখার পাশাপাশি প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য বেস্ট চয়েস হতে পারে।

এই বইটি পাঠের অভিজ্ঞতা আমার ভেতরের জ্ঞানপিপাসাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই “মোহরাঙ্কিত সুধাময় জীবন” যেন প্রতিটি পাঠকের জীবনে নতুন আলোর দিশা নিয়ে আসে, সেই প্রত্যাশা রইল।

এক নজরে বই পরিচিতি

বিবরণ

তথ্য

বই

আর রাহীকুল মাখতূম

লেখক

আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহঃ)

ভাষান্তর

আবুল হাসানাত কাসিম, রিফাত মাহমুদ, আল-আমিন ফেরদৌস, মুহাম্মাদ ফয়জুর রহমান (সমকালীন প্রকাশন)

প্রকাশক

সমকালীন প্রকাশন

পৃষ্ঠাসংখ্যা

প্রায় ৭০০ পাতা

মূল্য

৮৫০৳ (প্রকাশনীভেদে ভিন্ন হতে পারে)

বিষয়

সীরাতুন্নবী (মুহাম্মাদ সাঃ-এর জীবন-চরিত)

Table of Contents

আর রাহীকুল মাখতূম
আর যা কিনতে পাড়েন!
Related Posts Where We Are! Facebook X-twitter Youtube Instagram Whatsapp আর রাহিকুল মাখতূম Other Posts
আর রাহীকুল মাখতূম
এখনই রকমারিতে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *